পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও বৃক্ষরোপণে চৌগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪
চৌগাছা (যশোর) প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে সকালে ‘তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজ’ এবং ‘ইছাপুর-পাঁচনামনা পৌর মাধ্যমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের কাজ শুরু করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান ধনী এবং ২ নম্বর পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল হকসহ শিক্ষক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর বিকেল সাড়ে ৪টায় চৌগাছা প্রেস ক্লাব মোড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের প্রধান অতিথি হিসেবে প্রদত্ত বক্তব্যে বক্তারা গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলীবুদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান ধনী, কৃষক দলের সভাপতি আজগর আলী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহীন রহমান।
আলোচনা সভা শেষে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুনসহ একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। মিছিলটি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘ধনী প্লাজা’র সামনে গিয়ে শেষ হয়। যুবদল, কৃষকদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পদচারণায় চৌগাছা শহর মিছিলে মুখরিত হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন :