• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিয়ে করে সৌদিতে মানবপাচারের অভিযোগ: মালয়েশিয়া প্রবাসী জব্বার ও তার স্ত্রী গ্রেফতার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
সৌদি প্রবাসী এক নারীকে বিয়ের ফাঁদে ফেলে মানবপাচার চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে মালয়েশিয়া প্রবাসী জব্বার আলী ও তার স্ত্রী ময়না খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালী-কাথুলী এলাকার নিজ বাসা থেকে তাঁদের গ্রেফতার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) গ্রেফতারকৃিত দম্পতিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা কল্পনা খাতুনের বোন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চুয়াডাঙ্গার বাসিন্দা জব্বার আলীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে ২০২১ সালের ১১ মার্চ তাদের বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে জব্বার আলীর পূর্বের স্ত্রী-সন্তান থাকার বিষয়টি প্রকাশ্যে এলে দম্পতির মধ্যে কলহ সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, বিবাদের একপর্যায়ে জব্বার ওই নারীকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে ৫ লাখ টাকা নেন। পরবর্তীতে অন্য আসামিদের যোগসাজশে ২০২৩ সালের ২৪ মার্চ তাকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে কৌশলে সৌদি আরবে নিয়ে একটি সংঘবদ্ধ মানবপাচার চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়।

দীর্ঘদিন স্বজনের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা যোগাযোগ শুরু করলে ভুক্তভোগী নারী মোবাইল ফোনে পরিবারের কাছে পাচার হওয়ার বিষয়টি জানান। তাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে পরিবারটি গত ১ মে জব্বার আলীকে আরও ৩ লাখ টাকা দেয়। পরবর্তীতে সে আরও ২ লাখ টাকা দাবি করে।

গত ৭ আগস্ট যশোর শহরের পালবাড়ি মোড়ে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা জব্বার আলীকে আটক করে স্বজনকে ফেরানোর চাপ দিলে সে অনীহা প্রকাশ করে এবং বাড়াবাড়ি করলে সৌদি আরবেই তাকে হত্যার হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়।

স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসায় ব্যর্থ হয়ে ভুক্তভোগীর বোন আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পরবর্তীতে পরিচালিত অভিযানে আসামিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।