সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬, ১৪:৫০
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন, যার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে সশস্ত্র হামলা চালায় ৫শ থেকে ৭শ জন দুর্বৃত্ত। এজাহারভুক্ত আসামিদের নির্দেশে চালানো এই হামলায় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয়। এতে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরবর্তীতে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তিনি মারা যান।
সাবেক এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার রিমান্ড মঞ্জুর হওয়াকে জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের শনাক্ত করার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। ডিবি পুলিশ জানিয়েছে, রিমান্ডে নিয়ে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা নির্দেশদাতা ও অস্ত্রধারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
আপনার মতামত লিখুন :