মণিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপের চাপায় প্রাণ গেল মা ও ৪ বছরের শিশুর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮
স্টাফ রিপোর্টার :
যশোরের মণিরামপুরে দ্রুতগতির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তার চার বছরের শিশুসন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী।
রবিবার (রাত ৮টার দিকে) উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) এবং তাদের শিশুসন্তান আবদুর রহমান (৪)। আহত ওমর ফারুক বর্তমানে যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওমর ফারুক স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পরিবারের তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় মা ও ছেলের।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ওমর ফারুককে উদ্ধার করে যশোর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার পরপরই ঘাতক পিকআপসহ চালক পালিয়ে যেতে সক্ষম হন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপের চাপায় মা ও শিশুসন্তান নিহত হয়েছেন। চালক ও গাড়িটিকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :