ইতালি নেওয়ার নামে লিবিয়ায় পাচার,যশোরের যুবককে নিয়ে পাচারকারীদের নিষ্ঠুর খেলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৬
নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের কাজীপুর গ্রামের যুবক আকাশকে ইতালিতে চাকরির প্রলোভন দিয়ে লিবিয়ায় পাচারের অভিযোগে অবশেষে কোতয়ালি থানায় মামলা রুজু হয়েছে। আদালতের নির্দেশে গত ২১ জানুয়ারি আকাশের মা রিনা পারভীনের করা অভিযোগটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলার আসামিরা হলেন কুমিল্লার কাজী সফিকুর রহমান, মাদারীপুরের কনিকা আক্তার, শরীয়তপুরের হেমায়েত খান এবং নোয়াখালীর সুলতান।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি কনিকা আক্তারের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারের পরিচয় হয়। আকাশকে ভালো বেতনে ইতালিতে চাকরির নিশ্চয়তা দিয়ে আসামিরা ১০ জানুয়ারি ৪ লাখ এবং পরের দিন আরও ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। গত ৮ নভেম্বর আকাশকে বাহরাইন ও জেদ্দা হয়ে সৌদি আরবে নিয়ে একটি অপরিচিত স্থানে আটকে রাখা হয়। এরপর সেখান থেকে আকাশকে মিশর হয়ে লিবিয়া পাচার করে দেওয়া হয়।
আকাশ লিবিয়ায় পৌঁছানোর পর পাচারকারীরা তাকে অজ্ঞাত স্থানে বন্দি করে বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর ইতালি পাঠানোর কথা বলে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়। নিরুপায় পরিবার ধার-দেনা করে আসামি সুলতানের ব্যাংক হিসেবে দাবিকৃত অর্থ পাঠালেও আকাশকে মুক্তি দেওয়া হয়নি বা পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি।
ভুক্তভোগী পরিবার প্রথমে কোতয়ালি থানায় অভিযোগ দিলেও পুলিশ তা গ্রহণ না করায় রিনা পারভীন আদালতের দ্বারস্থ হন। আদালতের বিচার বিভাগীয় আদেশের প্রেক্ষিতেই এখন আসামিদের ধরতে তৎপরতা শুরু করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :