অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে বিএনপি নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৯
স্টাফ রিপোর্টার,যশোর :
বিএনপি'র নবগঠিত সরকারের মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন যশোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তার এই মন্ত্রীত্বের খবরে যশোরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
আজ মঙ্গলবার বিকেলে খবরটি ছড়িয়ে পড়ার পরপরই যশোরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের লালদীঘিস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। কার্যালয় প্রাঙ্গণে নেমে আসে উৎসবের আমেজ। পরে বিকেল ৫টায় জেলা বিএনপির ব্যানারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে দড়াটনা, মুজিব সড়ক, জর্জ কোর্ট মোড় ও মাইকপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নতুন প্রতিমন্ত্রীর নামে বিভিন্ন স্লোগান দেন এবং পরে একে অপরকে রঙ দিয়ে রাঙিয়ে তোলেন।
নতুন প্রতিমন্ত্রীর প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা বলেন, এই গুরু দায়িত্ব অনিন্দ্য ইসলাম অমিতকে যেমন আরও শানিত করবে, তেমনি যশোরসহ সমগ্র অঞ্চলের উন্নয়নের গতি পাবে এবং মানুষের কল্যাণ হবে। তারা এজন্য দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :