স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ অগাস্ট ২০২৬, ১৩:২৫
স্টাফ রিপোর্টার :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এতে পুরুষ ও নারী ভোটারের ব্যবধান আগের চেয়ে উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে এই হালনাগাদ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতদের ভিত্তি ধরে এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। নতুন তালিকায় মোট পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে নারী ও পুরুষ ভোটারের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ২২ লাখ ৪৫ হাজার ৫৫৪ জনে।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় নতুন করে ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন ভোটার যুক্ত হয়েছেন।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ জানান, ৩১ জুলাইকে 'কাট-অফ ডেট' ধরে নির্বাচনের মূল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। ফলে এই তারিখের পর যারা নতুন নিবন্ধিত হয়েছেন বা হচ্ছেন, তারা আপাতত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন না। তবে কমিশন ভবিষ্যতে সময়সীমা পুনর্নির্ধারণ করলে পরবর্তীতে তাঁদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচনের সময়সূচি ও কেন্দ্র সংখ্যা সংক্রান্ত প্রশ্নে সচিব বলেন, "নির্বাচন আয়োজনে কমিশনের সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হলে তা দ্রুত গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।" এ ছাড়া স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :