• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সরকারি সেবায় দুর্নীতির ঠাঁই নেই, কড়া বার্তা প্রধান উপদেষ্টার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :

সরকারি সেবা প্রদান এবং সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেছেন, সরকারি কর্মকর্তাদের কাজের ধরন এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে ফাইল আটকে থাকার পুরনো সংস্কৃতি চিরতরে বন্ধ হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়নসংক্রান্ত একটি প্রতিবেদন হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এই প্রতিবেদনটি পেশ করে।

প্রধান উপদেষ্টা বলেন, "সরকারি ব্যবস্থাপনা ও দক্ষতা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়িত হয়। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।" তিনি আরও যোগ করেন, "আমাদের লক্ষ্য একটাই—নাগরিককে সেবার জন্য সরকারের কাছে দৌড়াতে হবে না, বরং সরকারের সেবা পৌঁছে যাবে নাগরিকের কাছে।"

প্রশিক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে ড. ইউনূস বলেন, অনেক ক্ষেত্রে অবকাঠামো থাকলেও দক্ষ জনবল বা আধুনিক পদ্ধতির অভাব রয়েছে। গৎবাঁধা প্রশিক্ষণ বাদ দিয়ে 'প্রবলেম সলভিং' বা সমস্যা সমাধানমূলক প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি। কর্মকর্তাদের মূল্যায়নে নম্বর ও ইনসেনটিভ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে 'র‍্যাংকিং' করারও প্রস্তাব দেন তিনি। এছাড়া, বেসরকারি খাতের কর্মীরাও যেন এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আগ্রহী হন, তেমন মানসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন।

গত ১০ সেপ্টেম্বর জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নির্দেশনায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহায়তায় এই মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হয়েছে। সেগুলো হলো: ১. বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ২. বিসিএস প্রশাসন একাডেমি ৩. বিয়াম ফাউন্ডেশন ৪. জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) ৫. জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)

কমিটির সদস্যরা জানান, দেশে এই ধরনের মূল্যায়ন এটিই প্রথম। 'লার্নিং বাই ডুইং' পদ্ধতিতে প্রস্তুতকৃত এই প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের দক্ষতা বাড়বে এবং জনসেবা আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।