মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার দুই আসামি র্যাবের হাতে গ্রেফতার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৭
স্টাফ রিপোর্টার :
নড়াইল সদরের বাঁশ গ্রামের আলোচিত ও চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নড়াইল সদরের খনিসাখালী গ্রামের অনাধির ছেলে অপূর্ব এবং একই গ্রামের নিভাসের ছেলে প্রসেনজিৎ। এর মধ্যে অপূর্বকে যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রী দেয়াড়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৬ যশোর ক্যাম্প এবং প্রসেনজিৎকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।
র্যাব সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন (৩২) নড়াইল সদরের বাঁশ গ্রামের কাওসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ২৫ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চোর সন্দেহে তাকে আসামি প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই গোলাম নবী হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র্যাব এবং প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে ঝিকরগাছা ও বোয়ালমারী থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :