• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬, ০৫:০০
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া প্রতিনিধি: 
যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমজান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন (১৫) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চাপাতলা ঈদগাহ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা আজমপুর গ্রামের খোকনের ছেলে। আহত নয়ন একই গ্রামের মানিকের ছেলে। সে বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রমজান ও নয়ন মোটরসাইকেলযোগে খাজুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চাপাতলা ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজনেই সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রমজানকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।