• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘পূজা দেখে আর বাড়ি ফেরা হলো না’—যশোরে দুর্ঘটনায় ২ শিশুর করুণ মৃত্যু


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৮
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
শারদীয় পূজার আনন্দ উপভোগ করতে পরিবার নিয়ে বের হয়েছিলেন শিক্ষক সাধন কুমার। কিন্তু ঘাতক নসিমনের ধাক্কায় সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো সীমাহীন শোকে। যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে উল্টে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে একই পরিবারের দুই ভাইবোন। এ দুর্ঘটনায় নিহতদের বাবা-মাসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমারের ছেলে শোভন (১০) এবং মেয়ে দিশা (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিক্ষক সাধন কুমার তাঁর স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে ভ্যানে চড়ে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। পথিমধ্যে ফুলতলা কাউন্সিল রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমনের সঙ্গে ভ্যানটির জোরালো সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি ভ্যানের ওপর উল্টে পড়ে। নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু শোভন ও তার ছোট বোন দিশার।

এ দুর্ঘটনায় শিশু দুটির বাবা সাধন কুমার ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। এছাড়া নসিমনের চালক ও এক যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়; যার মধ্যে নসিমন চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার পর নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। ফুটফুটে দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। মর্মান্তিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে মিশ্রীদেয়াড়া গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, নিহত শিশু দুটির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।