তারেক রহমানের জনসভা ঘিরে যশোরে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা : ব্রিফিংয়ে পুলিশ সুপার
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
স্টাফ রিপোর্টার, যশোর :
আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) যশোরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে জেলা পুলিশ। আজ রোববার বিকেল ৫টায় জনসভাস্থল যশোর উপশহর উদ্যান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক সফরকে কেন্দ্র করে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসভাস্থল, হেলিপ্যাড এবং যাতায়াতের পথে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি ও ডিএসবি সদস্যগণ মোতায়েন থাকবেন। নিরাপত্তার অংশ হিসেবে জনসভার নিরাপত্তায় নিয়োজিত শতাধিক পুলিশ সদস্য 'বডি ওর্ন ক্যামেরা' ব্যবহার করবেন, যা থেকে সরাসরি কন্ট্রোল রুমে লাইভ টেলিকাস্ট দেখা যাবে। এছাড়া শহরের সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ৫টি পয়েন্টে ডাইভারশন এবং ৪টি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে। নির্দিষ্ট অতিথি ছাড়া কোনো যানবাহন জনসভাস্থলের ভেতরে প্রবেশ করতে পারবে না। সভাস্থলের চারপাশের বড় গাছ বা ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে যেন কোনো দর্শনার্থী না ওঠে, সে বিষয়ে বিএনপি নেতৃবৃন্দকে সতর্ক করা হয়েছে। এছাড়া আয়োজক দলের পক্ষ থেকেও পর্যাপ্ত ভলেন্টিয়ার মোতায়েন থাকবে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন,
আমরা এই অনুষ্ঠানকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের মাধ্যমে নির্বিঘ্ন করব ইনশাআল্লাহ। এটি জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাবে এবং আগামী ১২ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি সফল রিহার্সাল হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, আগামীকাল দুপুর ২টায় উপশহর সংলগ্ন একটি কলেজ মাঠে হেলিকপ্টার যোগে তারেক রহমানের অবতরণের কথা রয়েছে। সেখান থেকে সড়কপথে তিনি উপশহর উদ্যানের জনসভাস্থলে পৌঁছাবেন। বিএনপি চেয়ারম্যানের এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :