• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হত্যা: প্রধান আসামি টুটুল আটক, আদালতে স্বীকারোক্তি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাফিয়ার রহমান টুটুলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টুটুল শহরের পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া কবরস্থান এলাকার মোসলেম আলীর ছেলে।

পিবিআই সূত্রের তথ্যমতে, গত ২০ আগস্ট বিকেলে শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টি থেকে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার কথা বলে আল-আমিনকে ফোন করে ডেকে নেওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে বারান্দীপাড়া লিচুতলা এলাকার একটি মেহগনি বাগান থেকে তার রক্তাত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আয়শা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পিবিআই মামলার তদন্তভার গ্রহণ করে।

প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অবস্থান শনাক্ত করে বুধবার সকালে টুটুলকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে নাজিরশংকরপুর কোল্ড স্টোরেজের পেছন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়।

বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি বিচারকের কাছে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আসামির জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।