ডিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬, ১০:৫০
যশোর প্রতিনিধি:
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. রাহাত হোসেন (৩০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে। সোমবার (১৫ জুন) রাত পৌনে ১১টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাহাত হোসেন যশোর শহরের কাজীপাড়া এলাকার জাকির হোসেন ও চম্পা বেগমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে এসআই মো. সামিউল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম কোতয়ালী থানার শংকরপুর মোড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শংকরপুর যশোর কলেজ রোডের হোসেন মোল্লার বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছেন।
খবর পেয়ে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে ডিবি পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন রাহাত পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিশেষ কায়দায় তৈরি দেশীয় চাইনিজ কুড়াল, তিনটি বার্মিজ চাকু, একটি হাসুয়া এবং চাইনিজ কুড়াল তৈরিতে ব্যবহৃত ৪টি ধারালো লোহার পাত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক রাহাত দীর্ঘদিন ধরে এসব দেশীয় অস্ত্র উঁচিয়ে যশোর শহর ও এর আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ৪টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আটক রাহাতকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :