• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পশ্চিমবঙ্গে নতুন নীতিমালায় বিপাকে হিন্দু গরু ব্যবসায়ীরা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ০৮:৩৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন নীতিমালার কারণে এবার ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এর ফলে চরম বিপাকে পড়েছেন রাজ্যের হিন্দু গরু ব্যবসায়ীরা। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো সময়মতো বিক্রি করতে না পেরে খামারি ও ব্যবসায়ীদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে।

আজ সোমবার (১৮ মে) পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বের হওয়ার পর সাংবাদিকরা গরু নিয়ে তৈরি হওয়া এই সাম্প্রতিক সংকট সম্পর্কে প্রশ্ন করলে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

সংবাদমাধ্যমকে অগ্নিমিত্র পাল বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিজে দেখছেন। এই পরিস্থিতি মোকাবিলায় খুব তাড়াতাড়ি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। তবে পুরো বিষয়টির বিস্তারিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সংবাদমাধ্যমকে জানাবেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে শুধুমাত্র কোরবানির ঈদে বিক্রি করার উদ্দেশ্যে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ বাণিজ্যিকভাবে গরু মোটাতাজা করে থাকেন। দীর্ঘদিনের এই রীতির কারণে অতীতে তারা কখনো কোনো বড় সমস্যায় পড়েননি।

সম্প্রতি শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত বিজেপি সরকার একটি বিশেষ নির্দেশনা জারি করে। নতুন এই নিয়ম অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। একই সঙ্গে জবাইযোগ্য গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এই কঠোর ও নতুন নির্দেশনার পর আইনি জটিলতা এড়াতে মুসলিম ক্রেতারা এবার গরু কেনা থেকে বিরত রয়েছেন। ফলে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হিন্দু ব্যবসায়ীরা পড়েছেন চরম লোকসানের মুখে। রাজ্য সরকার দ্রুত কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট খামারি ও ব্যবসায়ীরা।

সূত্রঃকলকাতা ব্যুরো, দ্য ওয়াল ইন্ডিয়া