মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম, সুপারের বিরুদ্ধে অভিযোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অনিয়মের মাধ্যমে যশোরের অভয়নগরে হিদিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সুপার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।
বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।
লিখিত অভিযোগে হিদিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার সুপার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকদের না জানিয়ে কোনো নোটিশ ছাড়া মাদরাসা সুপার তার মনমত নিজেস্ব কিছু অভিভাবক দিয়ে একটি ম্যানেজিং কমিটি গঠন করেছেন। নতুন এই কমিটি গঠন কেন্দ্রিক এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া মাদরাসার আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করা এবং ভুয়া বিল ভাউচার তৈরি করে স্লিপের টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে সুপারের বিরুদ্ধে।
হিদিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার সুপার সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। নিয়মতান্ত্রিকভাবেই ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘হিদিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সুপারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার মতামত লিখুন :