যশোরে উদ্বোধন হলো ‘প্রিজম সুপার শপ’: স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বিপণনে নতুন দিগন্ত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৯
স্টাফ রিপোর্টার :
স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও বিক্রয়ের সুযোগ সৃষ্টি করতে যশোরে যাত্রা শুরু করেছে ‘প্রিজম সুপার শপ’ (Prism Super Shop)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রিজম অ্যাগ্রো অ্যান্ড ফুড-এর (Prism Agro & Food) উদ্যোগে এই সুপার শপের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সুপার শপের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান। প্রিজম অ্যাগ্রো অ্যান্ড ফুড-এর স্বত্বাধিকারী মুসলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, সিআইপি শ্যামল কুমার বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক জাকির হোসেন, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি কিশোর কুমার সাহা, উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা, সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস এবং নেদারল্যান্ড পাম্প থেকে আগত প্রতিনিধি এ্যালেট ডি লেংক।
এছাড়াও অনুষ্ঠানে যশোর জেলা বিউটি পার্লার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি সুফিয়া মাহমুদ রেখা, প্রিজম হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান বশির আহমেদ চন্দনসহ স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশেক হাসান বলেন, "অনেক ক্ষুদ্র ও স্থানীয় উদ্যোক্তা চমৎকার ও মানসম্মত পণ্য তৈরি করলেও সঠিক বিপণন ব্যবস্থার অভাবে পিছিয়ে পড়েন। প্রিজম সুপার শপের মতো উদ্যোগ এসব পণ্যের সঠিক প্রদর্শন ও বিক্রির মাধ্যম হিসেবে কাজ করবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।"
আয়োজকরা জানান, প্রিজম সুপার শপে তাদের নিজস্ব খাদ্যপণ্যের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের তৈরি নকশিকাঁথা, শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন মানসম্মত পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে। এর ফলে উৎপাদকদের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে অতিথিরা সুপার শপের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের ভূয়সী প্রশংসা করে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
আপনার মতামত লিখুন :