• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

১,৩৭১ কোটি টাকায় ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫
ছবির ক্যাপশন: ad728

অর্থনৈতিক প্রতিবেদক :
সার্বক্ষণিক কৃষি উৎপাদন ও সারের মজুত স্বাভাবিক রাখতে মরক্কো, সৌদি আরব এবং দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৩৭০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৯৭৫ টাকা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সার আমদানির বিস্তারিত চিত্র: বৈঠক সূত্রে জানা গেছে, আমদানিকৃত ২ লাখ ১০ হাজার টনের মধ্যে ৮০ হাজার টন ডিএপি, ৭০ হাজার টন ইউরিয়া এবং ৬০ হাজার টন টিএসপি সার রয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে তিন লটে সার কেনা হবে। ৪০ হাজার টন ডিএপি আমদানিতে ব্যয় হবে ৩১৯ কোটি ৫১ লাখ টাকা (প্রতি টন ৬৫১ ডলার)। এছাড়া দুই লটে ৩০ হাজার টন করে মোট ৬০ হাজার টন টিএসপি কেনা হবে, যার প্রতি লটে ব্যয় ধরা হয়েছে ১৮৪ কোটি ৫৪ লাখ টাকা (প্রতি টন ৫০১.৩৩ ডলার)।

সৌদি আরবের ‘মা’আদেন’ থেকে প্রথম লটে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৩২৩ কোটি ৯৩ লাখ টাকা (প্রতি টন ৬৬০ ডলার)। পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের আওতায় সৌদি আরবের ‘সাবিক এগ্রি-নিউট্রিনেটস’ কোম্পানি থেকে ৪০ হাজার টন গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে ২০৫ কোটি ৩২ লাখ টাকায় (প্রতি টন ৪১৮.৩৩ ডলার)।

দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার সংগ্রহের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১৫৩ কোটি ০৮ লাখ টাকা (প্রতি টন ৪১৫.৮৭৫ ডলার)।

বৈঠক শেষে জানানো হয়, আসন্ন মৌসুমের চাহিদা বিবেচনা করে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এই ত্বরিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে এই সার আমদানির ফলে মাঠ পর্যায়ে কৃষকদের সারের সংকট পোহাতে হবে না বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।