• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে যানজট নিরসন ও ফুটপাত মুক্ত করতে যৌথ অভিযান: অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে মাঠে পৌরসভা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৩
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরকে যানজটমুক্ত করতে এবং সাধারণ মানুষের চলাচল সুগম ও সহজ করতে কঠোর অবস্থান নিয়েছে যশোর পৌরসভা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা সহ অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে আজ সোমবার সমন্বিত অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ।

​আজ সকাল থেকেই শহরের অত্যন্ত ব্যস্ত এলাকা মুজিব সড়ক, কেন্দ্রবিন্দু দড়াটানা মোড় এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাতে এই অভিযান ও সচেতনার মূল কার্যক্রম চালোনো হয়।

​অভিযান চলাকালে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ জানান, “আমাদের  যশোর শহরে দেখা যাচ্ছে অবৈধ ইজিবাইক, অবৈধ অটোরিকশা এবং রাস্তার পাশের ফুটপাতগুলো দখল হয়ে আছে। এদের কারণে পৌরসভার বাসিন্দা সহ যশোর শহরে আসা বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন না।

​তিনি আরও জানান, গত কয়েকদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মিটিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের আলোকেই পৌরসভা গত তিন দিন ধরে শহর জুড়ে টানা সচেতনতামূলক মাইকিং কার্যক্রম সম্পন্ন করেছে।

​মাইকিং শেষে আজ চূড়ান্তভাবে ট্রাফিক বিভাগ, পুলিশ বিভাগ, যশোর পৌরসভা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের যৌথ দল নিয়ে মাঠে নেমেছেন তাঁরা। তারা চালকদের মোটিভেট করার কাজ পরিচালনা করছেন, যেন রিকশা ও ইজিবাইক শহরের মূল পয়েন্টগুলোতে যত্রতত্র দাঁড়াতে না পারে এবং শহরের অভ্যন্তরীণ প্রধান সড়কগুলোতে বহিরাগত ও অবৈধ অটোরিকশা কোনোভাবেই প্রবেশ করতে না পারে।

​পৌরসভা সূত্র জানায়, সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং শহরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সপ্তাহ জুড়ে এ কার্যক্রম অবিরত থাকবে। পৌর কর্তৃপক্ষের আশা, সকল পক্ষের সম্মিলিত সহযোগিতায় অতি শীঘ্রই ঐতিহ্যবাহী যশোর শহরকে একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।