যশোরে এতিম শিশুদের দিনব্যাপী শিক্ষা সফর ও খাদ্য সহায়তা প্রদান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬
যশোর প্রতিনিধি:
জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা 'ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ'-এর ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় যশোর ও সাতক্ষীরার ১০৩ জন এতিম শিশু এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে শিক্ষা সফর, বিনোদন ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) যশোরের ঐতিহ্যবাহী বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে দিনব্যাপী এই আনন্দমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের ৭৮ জন এবং সাতক্ষীরার ২৫ জন এতিম শিশু ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনায়েত হোসেন জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের যশোর জেলা প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল আমিন শাহিন এবং অরফ্যান কেয়ার প্রোগ্রামের কর্মকর্তা সাজিদ আল আহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জানান, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের এই কর্মসূচির আওতায় সারাদেশে মোট ৪০০ এতিম শিশুকে নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে। শিশুদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্থার নানা ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে এবছরের তৃতীয় প্রান্তিকের (তিন মাস) আগাম খাদ্য সামগ্রী ও উপহার শিশুদের হাতে তুলে দেন অতিথিরা। বিতরণকৃত সামগ্রীর মধ্যে প্রতিটি শিশু পেয়েছে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুরের ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি গুঁড়ো দুধ, ৩ জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩ জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, মামুন, আমির হামজা, আসাদ, আলমগীর, তাসিম ও কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :