চৌগাছায় পারিবারিক কলহে ভাই-বোনকে কুপিয়ে জখম
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৮
চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে আপন ভাই-বোনকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আরকান্দি গ্রামের বাদল অধিকারীর ছেলে মিন্টু অধিকারী (৪২) এবং একই গ্রামের রিংকু অধিকারীর স্ত্রী বন্যা অধিকারী (৩০)। এ ঘটনায় মিন্টু অধিকারীর ছোট ভাই উজ্জ্বল অধিকারীকে (৩০) অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মিন্টু ও উজ্জ্বলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে সকাল ১০টার দিকে উজ্জ্বল ধারালো দা নিয়ে মিন্টু ও বন্যার ওপর হামলা চালান। এ সময় তিনি তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
বর্তমানে আহত দুজনই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :