করাচি রুটে ডানা মেলল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০
স্টাফ রিপোর্টার :
দীর্ঘ বিরতির পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশপথের যোগাযোগ পুনরায় স্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশ্যে ডানা মেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩৪১। এর মাধ্যমে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
নতুন এই রুটের উদ্বোধন উপলক্ষ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার এবং বেবিচক (CAAB) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই রুট চালুর ফলে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ যেমন সহজ হলো, তেমনি এটি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের যাতায়াতে সময় ও খরচ অনেক সাশ্রয় হবে।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম যাত্রায় ১৫০ জন যাত্রী নিয়ে করাচির উদ্দেশ্যে যাত্রা করেছে বিমান। শীতকালীন সূচি অনুযায়ী, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে করাচি এবং একই দিন ফিরতি পথে করাচি থেকে ঢাকায় ফ্লাইট পরিচালিত হবে।
বিজি-৩৪১ ফ্লাইটটি করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। এরপর ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
বিমানের এই নতুন রুট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভ্রমণপিপাসু ও দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা।
আপনার মতামত লিখুন :