• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রাইস কুকার থেকে আগুনের উৎপত্তি, নিঃস্ব একটি পরিবার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫২
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে রাইস কুকার থেকে আগুন লেগে এক নারীর বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়েছে। গতকাল শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার কদমবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার খবর পেয়ে ছুটে আসার আগে ওই পরিবারের সবকিছু পুড়ে গেছে।  এতে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত নারী ফাতেমা বেগম।

ফাতেমা বেগম বলেন, শুক্রবার সন্ধ্যায় রাইস কুকারে ভাত বসিয়ে পাশে বড় ছেলের ঘরে গিয়েছিলাম। এর কিছুক্ষণ পর দেখি আমার ঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে দেখে ঘরের সব ছাই হয়ে গেছে।

স্থানীয়রা বলছেন, ফাতেমা বেগমের স্বামী মুহিববুল্লাহ বিল্লাল ঋণগ্রস্ত হয়ে বিদেশ গেছেন। সেখানে কাজকাম না থাকায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। এরমধ্যে আগুনে সবকিছু পুড়ে পরিবারটি পথে বসেছে।


ক্ষতিগ্রস্ত ফাতেমা বেগম বলেন, দুই ছেলের মধ্যে বড় ছেলে রাজমিস্ত্রির কাজ করে। সে স্ত্রী সন্তান নিয়ে আলাদা ঘরে থাকে। আমি ছোট ছেলেকে নিয়ে মাটির ঘরটাতে থাকি। বসত ঘরে রাইস কুকারে ভাত রান্না করি। শুক্রবার রাতে রাইস কুকার থেকে আগুন লেগে ঘরের ফ্রিজ, খাট,শোকেস, কাপড়চোপড়, ড্রাম ভর্তি চাল, নগদ চার হাজার টাকা ও একটা মোবাইল ফোনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

খেদাপাড়া ইউনিয়নের স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুন লেগে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, শুক্রবার রাত ৭টায় কদমবাড়িয়ে এলাকায় আগুন লাগার খবর পেয়ে আমরা গিয়েছিলাম। পরিবারটির দেওয়া তথ্যমতে ধারণা করা হচ্ছে, রাইস কুকারে রান্না চড়ানোর পর অফ হওয়া সুইচ সয়ংক্রিয়ভাবে কাজ না করায় আগুনের সূত্রপাত হয়েছে। 

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনর্বাসনে টিন ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

ছবি : মনিরামপুরে আগুনে পুড়ে গেছে একটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।