• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

স্বাধীনতার পর প্রথম: নির্বাচনের নিরাপত্তায় ২৪ ঘণ্টা বন্ধ থাকছে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি :
বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নির্বাচনের কারণে এই গুরুত্বপূর্ণ রুটটি পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা এই চেকপোস্ট দিয়ে সকল প্রকার যাত্রী পারাপার বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪৭ সালে এই রুটে যাত্রা শুরু হওয়ার পর থেকে এমনকি ১৯৭২ সালে স্বাধীনতার পরবর্তী সময়েও এই ইমিগ্রেশন কখনও পুরোপুরি বন্ধ হয়নি। ঝড়-বৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা কিংবা ভয়াবহ করোনাভাইরাস মহামারির সময়েও সীমিত আকারে যাত্রী চলাচল সচল ছিল। তবে এবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, সরকারের জারি করা পরিপত্র অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, "আগে বিভিন্ন সংকটের সময় গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে শিথিলতা থাকলেও এবার সেই সুযোগ থাকছে না। পুরো ২৪ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে।"


বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন নিশ্চিত করেছেন যে, নির্দেশনা সংক্রান্ত চিঠি ইতিমধ্যে বন্দরে এসে পৌঁছেছে। তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার পর থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে ইমিগ্রেশন কার্যক্রম শুরু হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচনের দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। আকস্মিক এই বন্ধের ফলে অনেক যাত্রী বিড়ম্বনায় পড়তে পারেন, তাই তাদের আগেভাগেই সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।