• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ছাত্রদল নেতাকে থাপড়ানোর অভিযোগ: যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিবের বিরুদ্ধে এক ছাত্রদল নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত সচিবের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় যশোর সরকারি এম এম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং সচিবের দ্রুত অপসারণ দাবি করেন।

লাঞ্ছনার শিকার শিক্ষার্থী জাহিদ হাসান সেজান এমএম কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

ঘটনার বিবরণ দিয়ে সেজান জানান, রোববার সকালে সনদে বাবা-মায়ের নাম সংশোধনের কাজে তিনি শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন-এর কক্ষে যান। এ সময় তার গলায় হেডফোন ঝোলানো দেখে সচিব ক্ষিপ্ত হন এবং গালাগাল করে তার মুখে চারটি থাপ্পড় মারেন। সেজান বলেন, "আমার যদি কোনো গুরুতর অপরাধ হয়ে থাকে, তবে তিনি আমাকে পুলিশে দিতে পারতেন। কিন্তু এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার তার নেই।" তিনি অবিলম্বে সচিবের পদত্যাগ দাবি করেন।

এ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, একটি ঠুনকো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা অত্যন্ত নিন্দনীয়। দ্রুত শিক্ষা বোর্ড সচিবকে অপসারণ করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে থাপ্পড় মারার অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। তিনি জানান, ঘটনার সময় জেলা বিএনপির সভাপতিসহ ওই শিক্ষার্থীর দুজন শিক্ষক উপস্থিত ছিলেন। একজন শিক্ষক হিসেবে কেবল স্নেহের বশে পিঠ চাপড়ে নৈতিকতার উপদেশ দিয়েছেন মাত্র। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিতভাবে অন্যখাতে রূপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।