খুরশীদ আলমের স্ত্রীর ৩ কোটির ঋণ খেলাপি, জামিনদার কি তিনি নিজেই?
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬, ১০:২৯
র্থনৈতিক প্রতিবেদক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান ওবায়দুল খুরশীদ আলমের নামে ব্যক্তিগত কোনো ঋণ না থাকলেও, তার স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি ঋণ খেলাপি হয়ে পড়েছে। বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে (এফএসআইবি) থাকা এই ঋণের পরিমাণ ৩ কোটি টাকা।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ওবায়দুল খুরশীদ আলমের স্ত্রীর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৩ কোটি টাকার ঋণ রয়েছে। দীর্ঘদিন ধরে এই ঋণের কোনো কিস্তি বা অর্থ পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী তা খেলাপি ঋণের তালিকায় চলে গেছে। তবে এই ঋণের বিপরীতে খুরশীদ আলম নিজে কোনো ব্যক্তিগত গ্যারান্টার বা জামিনদার হয়েছেন কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি ব্যাংক খাতের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হয়। এরপরই নতুন চেয়ারম্যানের পরিবারের এই ঋণ খেলাপির তথ্য প্রকাশ্যে এলো। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :