• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬, ১৩:৫৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার 
ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে যশোরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।

ঈদের দিন সকাল সাড়ে ৭টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে কোর্ট মসজিদের ইমাম ইমামতি করেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবকল্যাণের জন্যও দোয়া করা হয়।

নামাজ শেষে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ধর্মপ্রাণ ও সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন।

এদিকে জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পুরাতন পুলিশ লাইন মসজিদ, যশোর জেনারেল হাসপাতাল জামে মসজিদ, ঘোপ কবরস্থান জামে মসজিদ, মারকাজ মসজিদসহ জেলার ৭৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা ‘ঈদ মোবারক’ লেখা পতাকা ও ব্যানারে সজ্জিত করা হয়েছে। এছাড়া ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।