শেষ বলের ছক্কায় রোমাঞ্চকর জয়, কোয়ালিফায়ারে সিলেট টাইটান্স
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ জানুয়ারী ২০২৬, ১৫:১৮
স্পোর্টস ডেস্ক :
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রূপকথার মতো এক জয় ছিনিয়ে নিল সিলেট টাইটান্স। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। স্নায়ুচাপের সেই মুহূর্তে ফাহিম আশরাফকে ছক্কা হাঁকিয়ে স্টেডিয়াম মাতালেন ইংলিশ তারকা ক্রিস ওকস। ৩ উইকেটের এই মহানাটকীয় জয়ে রংপুর রাইডার্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করল সিলেট।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে রংপুর রাইডার্স। ইনিংসের শুরুতেই ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। ডেভিড মালান (৪), তাওহীদ হৃদয় (৪) ও লিটন দাসরা (১) ব্যর্থতার পরিচয় দেন। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ ৩৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। রিয়াদ সর্বোচ্চ ৩৩ এবং খুশদিল ১৯ বলে ৩০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রানে থামে রংপুরের ইনিংস। সিলেটের হয়ে খালেদ আহমেদ একাই নেন ৪টি উইকেট।
১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। তবে স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৫০ রানের জুটি দলকে জয়ের পথে ফেরায়। বিলিংস ২৯ এবং মিরাজ ১৮ রান করেন। কিন্তু এই দুই সেট ব্যাটার বিদায় নিলে নাটকীয় মোড় নেয় ম্যাচ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক সময় জয়ের বন্দর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে সিলেট।
শেষ ওভারে জয়ের জন্য কঠিন সমীকরণের সামনে দাঁড়ায় সিলেট। ক্রিজে ছিলেন ক্রিস ওকস। ওভারের শেষ বলে যখন ৬ রান প্রয়োজন, তখন পাকিস্তানের ফাহিম আশরাফকে গ্যালারিতে আছড়ে ফেলেন ওকস। ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই নায়ক। রংপুরের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেও শেষ রক্ষা করতে পারেননি।
এই জয়ে ট্রফি জয়ের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল সিলেট টাইটান্স, অন্যদিকে হারের বিষাদ নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল রংপুর।
আপনার মতামত লিখুন :