বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযান: ১১৬ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ ব্যক্তি আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬
স্টাফ রিপোর্টার :
যশোরে ২৪ লাখ টাকারও বেশি মূল্যের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬.৬৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারটির আনুমানিক মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকাসহ মোট সিজার মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে তা বহন করছিলেন। আটককৃত আসামির বাড়ি পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামে। তার পিতা মৃত কাসেম আলী শেখ।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের মাধ্যমে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, ইদানিং বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :