যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮
স্টাফ রিপোর্টার :রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আবুল কালাম আজাদ নামে এক সাবেক ইউপি সদস্য। তিনি ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিএম এলোম হোসেন রানার বিরুদ্ধে এসব অভিযোগ করেন। আজ বুধবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, তিনি চাকরিজীবনের সঞ্চিত অর্থ দিয়ে চলতি বছরের ৮ জানুয়ারি যশোর সদর থানার চাঁদপাড়া মৌজার ৭০১ ও ৭০২ নম্বর দাগের ৯ দশমিক ৩৭ শতক জমি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরে জমিটি নামজারি করে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় বিএনপি নেতা বিএম এলোম হোসেন রানা এতে বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।
আবুল কালাম আজাদের দাবি, স্থানীয়ভাবে নানা চড়াই-উৎরাই ও আপস-মীমাংসার পর তিনি সীমানা প্রাচীর নির্মাণ করেন। এর পর এক মৃত ব্যক্তির স্ত্রীকে বাদী হিসেবে ব্যবহার করে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা করা হয় বলে তিনি অভিযোগ করেন। পরে পুলিশ সরেজমিনে তদন্ত করে জমিটি তার দখলে রয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গত ২২ আগস্ট বিএম এলোম হোসেন রানার মদদে একদল ব্যক্তি তার জমিতে অনধিকার প্রবেশ করে সেখানে কর্মরত শ্রমিকদের বের করে দেন এবং নবনির্মিত সীমানা প্রাচীর ভাঙচুর করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে সংবাদ সম্মেলনে জানান আবুল কালাম আজাদ। একই সঙ্গে তাকে সামাজিকভাবে হেয় করতে বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে তিনি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে তার বৈধ সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, সীমানা প্রাচীর ভাঙচুরের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিএম এলোম হোসেন রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তার স্ত্রী শাহানাজ পারভীন, প্রতিবেশী বিল্লাল হোসেন, তুহিন হোসেন মফিজুল ইসলাম।
আপনার মতামত লিখুন :