যশোরে পুলিশ-সাংবাদিক মতবিনিময়: অপরাধমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয়
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬, ১৪:০১
স্টাফ রিপোর্টার :
যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভার শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম সংক্ষেপে তুলে ধরা হয়।
‘অপকর্মে ছাড় নয়, ধর্ষণের আসামিকে ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের নির্দেশ’
প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা বিভিন্ন সময়ে জানতে পারি পুলিশ বাহিনীর সদস্যরা নানা অপকর্মে বা মাদকের সাথে জড়িয়ে পড়ে। পরিষ্কার জানিয়ে দিতে চাই, কোনো পুলিশ সদস্য যদি মাদক বা অপকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে।” নারী নির্যাতনের বিষয়ে তিনি কঠোর নির্দেশ দিয়ে বলেন, “কোনো নারী জোরপূর্বক ধর্ষণের শিকার হওয়ার প্রমাণ মিললে, অভিযুক্ত আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।”
ডিআইজি আরও বলেন, “একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ এবং গণমাধ্যম একে অপরের পরিপূরক। সঠিক ও দায়িত্বশীল তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য, তাই পুলিশকে আরও মানবিক, জবাবদিহিমূলক ও সেবামুখী হিসেবে গড়ে তোলার কাজ চলছে।”
সভায় যশোরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ সহজ করার বিষয়ে নানা মতামত তুলে ধরেন। ডিআইজি ও পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনা শেষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও গণমাধ্যম একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আপনার মতামত লিখুন :