পাসপোর্ট সূচক ২০২৬: শীর্ষে সিঙ্গাপুর,বাংলাদেশের অবস্থান কত?
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২১:৪৫
আন্তর্জাতিক ডেস্ক, স্বপ্নভূমি :
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আগের তুলনায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ প্রকাশিত সর্বশেষ সূচকে এই তথ্য উঠে এসেছে।
নতুন সূচক অনুযায়ী, শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ এখন ৯৩তম অবস্থানে রয়েছে। এর আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়া কিংবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন।
তালিকায় বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। তাদের পাসপোর্টধারীরা সবচেয়ে বেশি সংখ্যক দেশে ভিসা মুক্ত যাতায়াতের সুবিধা পান। তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। আর তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত।
শক্তিশালী পাসপোর্টের দিক দিয়ে এবারও ইউরোপের দেশগুলোর দাপট লক্ষ্য করা গেছে। সূচকের চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গ। পঞ্চম স্থানে যৌথভাবে আছে নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা এবং পর্তুগাল।
এছাড়া ষষ্ঠ স্থানে মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশের সাথে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। সপ্তম অবস্থানে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পাশাপাশি রয়েছে ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া ও লাটভিয়া।
একটি নির্দিষ্ট দেশের পাসপোর্ট ব্যবহার করে কতগুলো দেশে আগাম ভিসা ছাড়া (ভিসা ফ্রি) অথবা পৌঁছানোর পর ভিসা (অন-অ্যারাইভাল ভিসা) নিয়ে প্রবেশ করা যায়, তার ওপর ভিত্তি করে হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছর এই সূচক তৈরি করে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (IATA) তথ্যের ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়।
আপনার মতামত লিখুন :