যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫
স্টাফ রিপোর্টার :
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ১৫১ জন কৃতী শিক্ষার্থী এবং ২ জন বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী এবং বিদ্যালয়ের উপদেষ্টা আব্দুল আজিজ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন গগনন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা ব্যক্ত করে বক্তব্য রাখে বিদ্যালয়টির দুই কৃতী শিক্ষার্থী রামিশা তানহা ও মাহমুদ হাসান মাহির। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জগদীশ চন্দ্র বসু, নবম শ্রেণির শিক্ষার্থী তাহাসিনা তাবাসসুম, ফাতিহা মুহসানাত ও লামিশা তানহা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশেক হাসান কৃতী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, "আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আনন্দঘন উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
আপনার মতামত লিখুন :