যশোরে লালদিঘীর পাড়ে শান্তিময় পরিবেশে দুর্গা প্রতিমা বিসর্জন সম্পন্ন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৩
স্টাফ রিপোর্টার :
যশোরে পরম শ্রদ্ধা, ভক্তি ও আনন্দঘন আবহে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ বিজয়া দশমী ও প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান।
বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে শহরের কোতোয়ালি থানাধীন ঐতিহাসিক লালদিঘীর পাড়ে পৌর এলাকার দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।
প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান চলাকালে লালদিঘীর পাড়ে উপস্থিত থেকে পুরো জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও তদারকি করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
পরিদর্শনকালে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরবর্তীতে তিনি মণ্ডপ ও বিসর্জন স্থানের বিশেষ ওয়াচ টাওয়ারে অবস্থান নিয়ে প্রতিমা নিরঞ্জনের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করেন।
বর্ণাঢ্য এ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান
- যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন
- জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও বিজিবির সার্বিক সহযোগিতায় ভক্তদের দেবী দুর্গার বিদায় জানানোর এ আয়োজন অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
আপনার মতামত লিখুন :