পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি বড় অভিযানে অন্তত ৪১ জন সশস্ত্র ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। নিহতরা ভারত সমর্থিত নিষিদ্ধ গোষ্ঠী ‘ফিতনা আল খারেজি’ এবং ‘ফিতনা আল হিন্দুস্তানের’ সদস্য বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
আইএসপিআর জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের হার্নাই জেলায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘিরে ফেললে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এই অভিযানে ৩০ জন সন্ত্রাসী নিহত হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেগুলো সেখানেই ধ্বংস করে দেয় সেনাবাহিনী।
একই দিনে বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় আরেকটি সফল অভিযান চালানো হয়। সেখানে ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর ১১ জন সশস্ত্র সদস্য নিহত হন। আইএসপিআর-এর দাবি, নিহতদের কাছ থেকে ব্যাংক থেকে লুট করা বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সন্ত্রাসীরা ইতিপূর্বে ওই অঞ্চলে বিভিন্ন বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
আইএসপিআর-এর মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে যাতে এগুলো পুনরায় ব্যবহারের সুযোগ না থাকে। সেনাবাহিনী স্পষ্ট করেছে যে, সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় তারা জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।
পাকিস্তান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, তাদের দেশে অস্থিরতা সৃষ্টিতে প্রতিবেশী দেশ ভারত মদত দিচ্ছে। তবে ভারত বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: সামা নিউজ
আপনার মতামত লিখুন :