কেশবপুরে শিশু মৃত্যুর এক দিন পরেই হাসপাতালের কার্যক্রম বন্ধ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ মার্চ ২০২৬, ১১:২১
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগের এক দিন পরেই কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্দ ডায়াগনেস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টারে বুধবার উপজেলার সারুটিয়া গ্রামের ইমরান মোল্যার ৭ মাস বয়সী শিশু ছেলে আরিয়ান মোল্যাকে চিকিৎসা করাতে নিয়ে আসেন। ওই হাসপাতালের ডাক্তার ডিএম কামরুল হাসান তখন উপস্থিত ছিলেন না। মোবাইল ফোনে চিকিৎসার পরামর্শ নিয়ে হাসপাতালে উপস্থিত নার্স শিশুটিকে চিকিৎসা দেন। চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ বলছেন মৃত অস্থায় ওই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় ওই শিশুর মৃত্যু হওয়ার খবর পেয়ে স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার দুপুরে হাসপাতালটিতে উপস্থিত হয়ে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া হাসপাতালের সামনের সাইন বোর্ড সরিয়ে ফেলার কথাও বলা হয়েছে। কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের সামনের সাইন বোর্ডে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করেও কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ বলেন, কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় ওই শিশুর মৃত্যুর বিষয়টি জানাজানি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই শিশুর মৃত্যুর বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হবে। তবে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। শিশুটিকে মৃত অবস্থায় বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
আপনার মতামত লিখুন :