যশোরে দৈনিক রানার সম্পাদক শহীদ সাইফুল আলম মুকুলের ২৮তম হত্যাবার্ষিকী পালিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫০
স্টাফ রিপোর্টার :
যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রথিতযশা সাংবাদিক ও দৈনিক রানার সম্পাদক শহীদ আর.এম. সাইফুল আলম মুকুলের ২৮তম হত্যাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে কালো ব্যাজ ধারণের মাধ্যমে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে যশোরের সাংবাদিক সমাজ।
সকাল সাড়ে ১১টায় শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডে মুকুলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব যশোরের আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে ও সদস্য আকরামুজ্জামানের পরিচালনায় এতে প্রেসক্লাব যশোর ও যশোর সংবাদপত্র পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুক্তার আলী।
একই স্থানে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগেও পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং এস.এম. ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শহীদ সাংবাদিকের ভাই কবিরুল আলমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আর.এম. সাইফুল আলম মুকুলকে কোনো ব্যক্তিগত বা অর্থনৈতিক দ্বন্দ্বে হত্যা করা হয়নি; তাঁকে হত্যা করা হয়েছে বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশের দায়ে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই নির্মম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। বক্তারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাব ও নানা জটিলতার কারণে যশোরের দুই প্রথিতযশা সাংবাদিক সাইফুল আলম মুকুল ও শামছুর রহমান কেবল হত্যার বিচার কার্যকরের মুখ দেখেনি। তারা দ্রুত সময়ের মধ্যে এই চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার কাজ শেষ করার জোর দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে যশোর শহর থেকে নিজ পত্রিকা কার্যালয়ে ফেরার পথে দুষ্কৃতকারীদের বোমা ও গুলিবর্ষণে নিহত হন সাংবাদিক সাইফুল আলম মুকুল। দীর্ঘ প্রায় আড়াই দশক পেরিয়ে গেলেও মামলাটির বিচারিক প্রক্রিয়া উচ্চ আদালতে স্থগিতা অবস্থায় আটকে রয়েছে।
আপনার মতামত লিখুন :