আদ্-দ্বীনের মতো সেবাধর্মী হাসপাতাল প্রতিষ্ঠার তাগিদ ওলামাদের
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬, ০৮:১৭
নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রতিটি মানুষের জন্য আধুনিক, মানবিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আদ্-দ্বীন হাসপাতালের মতো সেবাধর্মী হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা বিভাগের শীর্ষস্থানীয় আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবীরা।
তারা বলেন, একটি সুস্থ জাতি গঠনের পূর্বশর্ত হলো উন্নত স্বাস্থ্যসেবা। ইসলাম মানবসেবাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। তাই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা এখন সময়ের অপরিহার্য দাবি।
সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা সম্মিলিত আলেম সমাজের উদ্যোগে "দেশ ও জনগণের কল্যাণে আদ্-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট আলেম-উলামা, ইসলামী গবেষক, হাফেজ, ইমাম, খতিব ও সমাজসেবীরা অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু দেশের অনেক দরিদ্র ও নিম্নআয়ের মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় মানবকল্যাণকে সামনে রেখে আদ্-দ্বীন হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সময়ের দাবি। চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা ও ইসলামী আদর্শের সমন্বয়ে পরিচালিত হাসপাতাল সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, একটি হাসপাতাল শুধু রোগ নিরাময়ের স্থান নয়; এটি মানুষের জীবন রক্ষা, মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি ও দানশীল মানুষকে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা শাহিনুর রহমান, সিজান আহমেদ রাসেল, মাওলানা সাইফুজ্জামান, মাওলানা রনচিল ইসলাম রাফি, হাফেজ আল-আমিন মল্লিক, গাজী ফয়সাল মাহমুদ, এম. আব্দুল হাই, মাওলানা মাহদী হাসান, ইমাম হাসান নায়েরী, রুহুল আমিন, সৌরভ উদ্দীন, হাসান আল-মামুন (লাল), ড. মাহবুবুর রহমান, জুলফিকার আল-মাহমুদ নোমান, আমিরুল ইসলাম বেলালীসহ আরও অনেক বিশিষ্ট আলেম-উলামা।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের আহ্বায়ক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবির বিন সামাদ বলেন, মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা এবং মানবকল্যাণে কাজ করা ইসলামের অন্যতম শিক্ষা। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ মহৎ উদ্যোগে সম্পৃক্ত হয়ে একটি আদর্শ, আধুনিক ও সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবির বিন সামাদ। সেমিনারটি সঞ্চালনা করেন মুফতি সাইফুল্লাহ বিন কোরবান।
শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং অসুস্থ মানুষের দ্রুত আরোগ্য প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ার মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :