• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মিড ডে মিল: দুধের প্যাকেটে পোকা, বিবর্ণ রঙ ও টক টক গন্ধের অভিযোগ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ১৩:০৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে স্কুল ফিডিং কর্মসূচির (মিড ডে মিল) আওতায় আকিজ ডেইরি লিমিটেডের ‘ফার্ম ফ্রেস’ দুধের প্যাকেটে পোকা, বিবর্ণ রঙ ও টক টক গন্ধের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান বরাবর বুইকরা সিরাজকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা খাতুন লিখিত অভিযোগ করেছেন। 

প্রধান শিক্ষক সাবেরা খাতুন জানান, গত ৪ এপ্রিল আকিজ ডেইরি লিমিটেড কর্তৃক ২০০ মি.লি. এর ৪৫০ প্যাকেট ‘ফার্ম ফ্রেস’ দুধ সরবারহ করা হয়। গতকাল সোমবার (১৮ মে) সেই দুধ শিশুদের মাঝে বিতরণ করার সময় ৩০টি প্যাকেট খাবারের অযোগ্য বা নষ্ট বলে মনে হয়েছে। কারণ দুধের প্যাকেটগুলোতে পোকা, বিবর্ণ রঙ ও টক টক গন্ধ পাওয়া যায়। বিষয়টি সাথে সাথে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানকে জানানো হয়। 

প্রধান শিক্ষক বলেন, আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান বরাবর লিখিত অভিযোগ করা হয়। এদিন দুপুরে দুধ সরবরাহকারী ঠিকাদারের প্রতিনিধি স্কুল থেকে নষ্ট দুধের প্যাকেটগুলো নিয়ে যায় এবং নতুন ৩০ প্যাকেট দুধ পৌঁছে দেয়।  

অভিভাবক নজরুল মোল্যা বলেন, নষ্ট দুধ পেটে গেলে আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়তো। আকিজ ডেইরি লিমিটেডের সরবরাহকৃত দুধের ডাক্তারি পরীক্ষা প্রয়োজন। এদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। উপজেলা শিক্ষা কর্মকর্তা জরুরী ব্যবস্থা গ্রহণ করায় শিশুদের হাসপাতালে নিতে হয়নি।

আকিজ ডেইরি লিমিটেডের সহকারী ম্যানেজার আওয়াল হোসেন বলেন, ‘দুধের প্যাকেট ফেটে গেলে একটু সমস্য হতেই পারে। বিষয়টি জানার পর প্যাকেটগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে।’  
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ওলিউর রহমান বলেন, ‘নষ্ট দুধের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আকিজ ডেইরি লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা দায় এড়ানো কথা বলেছে। বিকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।’