• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মাদকসেবীকে কারাদন্ড


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ৬ মে ২০২৬, ০৬:১৩
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ৫জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন। 


দন্ডপ্রাপ্তরা হলেন, অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের হাফিজুর গাজীর ছেলে হাসিব গাজী ওরফে মানিক (১৮), একই গ্রামের মৃত সিরাজ খার ছেলে জাহাঙ্গীর খা (৪৫), নড়াইল জেলার সদর উপজেলার মির্জাপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২১), একই গ্রামের সৈয়দ মুরাদ হোসেন আখির ছেলে সৈয়দ সোয়াইব হোসেন নিরব (২২) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পশ্চিম ভাষানটেক এলাকার হাবি মিয়ার ছেলে মজিবুর রহমান (২২)।  

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজকাটি গ্রামের নূরে মাদীনা ইসলামিয়া মাদরাসা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসিব গাজী ওরফে মানিক নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এর আগে রাত ৯টার দিকে গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেলবস্তির জাহাঙ্গীর খাকে গাঁজা সেবনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই দিন বিকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রাম থেকে ৬পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক আব্দুর রহমান, সৈয়দ সোয়াইব হোসেন নিরব ও মজিবুর রহমান নামে তিন যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। 

দন্ডপ্রাপ্ত ৫জনকে ১০০টাকা করে জরিমানাও করা হয়েছে।    

এ ব্যাপারে মঙ্গলবার (১২ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘চারজন ইয়াবা ট্যাবলেট সেবনকারী ও একজন গাঁজা সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’