• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ১


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬, ১৪:২০
ছবির ক্যাপশন: ad728

শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।

আজ সোমবার সকালে উপজেলার গোগা গ্রামের ‘সালামের মোড়’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—যশোর কোতোয়ালি থানা এলাকার জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে নাহিদ (৪০) এবং শার্শার বেনাপোলস্থ দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে তুষার (৩০)। দুর্ঘটনায় আহত যুবকের নাম রুবেল (২৫), তিনি বেনাপোল এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিন আরোহী এক মোটরসাইকেলে চড়ে উপজেলার রুদ্রপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গোগা গ্রামের সালামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও তুষারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় আহত রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘাতক ট্রলিটি জব্দ ও এর চালককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।