যশোরে নারীর ক্ষমতায়ন ও ইউপি নির্বাচনে নারীদের অংশগ্রহণ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬, ১৩:৪৬
স্টাফ রিপোর্টার :
নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে যশোরে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার ‘বাঁচতে শেখা’ যশোর-এর প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুজন সরকার।
‘আর নট এডুকেশন অ্যান্ড গ্রোথ ফাউন্ডেশন’ এর নির্বাহী পরিচালক দিপালী রানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (IFES) এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, যশোর জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং এডমিন অফিসার রুহিদা নাসরিন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সুজন সরকার বলেন, "টেকসই উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন ও স্থানীয় সরকার নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীরা যাতে আত্মবিশ্বাসের সাথে অংশ নিতে পারেন, এই প্রশিক্ষণ কর্মশালা সেই পথকে আরও সুগম করবে।
সভাপতির বক্তব্যে দিপালী রানী বলেন, "তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন করে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দিনের এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচন প্রক্রিয়া এবং নেতৃত্ব প্রদানের বিষয়ে বাস্তবমুখী জ্ঞান লাভ করবেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় পর্যায়ের নারী নেত্রীবৃন্দ ও সম্ভাব্য নারী প্রার্থীরা অংশ নিচ্ছেন। কর্মশালায় নির্বাচনী আইন, প্রচার-প্রচারণা এবং নারীদের রাজনৈতিক অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :