• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নির্বাচনের কারণে হচ্ছে না মধুমেলা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
ছবির ক্যাপশন: ad728

কামরুজ্জামান রাজু, কেশবপুর:
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এবার হচ্ছে না সপ্তাহব্যাপী মধুমেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মধুমেলা হবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আগামী ২৫ জানুয়ারি মহাকবির ২০২তম জন্মবার্ষিকী। এবার কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, মহাকবির ‘জীবন ও সাহিত্যকর্ম’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা, কুইজ প্রতিযোগিতা এবং মহাকবির ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘সনেট’ এর মোড়ক উন্মোচন করা হবে। এর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিবছর মহাকবির জন্মবার্ষিকীতে সাগরদাঁড়িতে জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হয়। সাগরদাঁড়িকে সাজানো হয় বর্ণিল সাজে। কপোতাক্ষ নদ পাড়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মধুভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বিদায় ঘাট, মধুপল্লীসহ মেলা প্রাঙ্গণে মধুপ্রেমী মানুষের ভেতর ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। দর্শনার্থীরা মধুপল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতিস্থল, কাছারিবাড়ি, স্মৃতি বিজড়িত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র দেখে থাকেন।
মধুপল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, এবার মধুমেলা অনুষ্ঠিত না হলেও কবির জন্মদিন উপলক্ষে মধুপল্লী সাজানো হয়েছে। আগামী ২৫ জানুয়ারি মহাকবির জন্মবার্ষিকীতে মধুভক্তরা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন।
মধুসূদন একাডেমির পরিচালক কবি ও মধুসদন গবেষক খসরু পারভেজ বলেন, মহাকবির জন্মবার্ষিকীতে এবার একদিনের স্বল্প পরিসরের আয়োজনের মধ্যেও মধুপ্রেমীরা মধুসূদনের জীবন ও সাহিত্য সম্পর্কে জানার সুযোগ পাবেন। এ ছাড়া এবারই মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা নতুন মাত্রা যোগ করেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলা হচ্ছে না। তবে কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে মহাকবির ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, মহাকবির ‘জীবন ও সাহিত্যকর্ম’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা, কুইজ প্রতিযোগিতা এবং মহাকবির ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘সনেট’ এর মোড়ক উন্মোচন করা হবে।
উল্লেখ্য, ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের জমিদার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল। তাঁর বাবা জমিদার রাজনারায়ণ দত্ত আর মা জাহ্নবী দেবী। তিনি ‘পদ্মাবতী’ নাটক, ‘একেই বলে সভ্যতা’ ও ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নামের দুটি প্রহসন, ‘মেঘনাদবধ কাব্য’, ‘ব্রজাঙ্গনাকাব্য’, ‘কৃষ্ণকুমারী’ নাটক, ‘বীরাঙ্গনা কাব্য’ ও ‘চতুর্দশপদী কবিতাবলী’ রচনা করেন। বাংলা সাহিত্যে গাম্ভীর্যপূর্ণ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি। ১৮৫৩ সালে মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তখন থেকে তার নামের সঙ্গে ‘মাইকেল’ যুক্ত হয়। ১৮৭৩ সালের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন।