যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬, ১০:৩৭
স্টাফ রিপোর্টার :
রমজান মাস উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্স অভিযানে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।
অভিযানকালে রূপদিয়া বাজারের ‘গোপাল স্টোর’-কে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় আরও ৫ হাজার টাকা মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের ‘খান পান’ প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :