ভারতকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬
ক্রীড়া প্রতিবেদক
বোলারদের দুর্দান্ত সূচনার পর মনে হয়েছিল দিনটি ভারতেরই হতে যাচ্ছে। কিন্তু ক্রিকেটে যে শেষ কথা বলে কিছু নেই, তা আবারও প্রমাণ করল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিসের বিধ্বংসী ব্যাটিংয়ের পর মার্কো ইয়ানসেনের বোলিং তোপে স্বাগতিক ভারতকে ৭৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে প্রোটিয়ারা। সুপার এইটের প্রথম ম্যাচেই এমন হারে বিশ্বকাপের সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়ল ভারতের জন্য।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জসপ্রিত বুমরাহর তোপের মুখে পড়ে মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। তবে চতুর্থ উইকেটে দৃশ্যপট বদলে দেন ডেভিড মিলার ও ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র ৫১ বলে এই জুটি ৯৭ রান যোগ করেন। মিলার ৩৫ বলে ৬৫ এবং ব্রেভিস ২৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ দিকে ট্রিস্টিয়ান স্টাবসের ৪৪ রানে ভর করে ৭ উইকেটে ১৮৭ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ভারতের বুমরাহ ১৫ রানে ৩ উইকেট নিলেও বাকি বোলাররা ছিলেন খরুচে।
১৮৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। প্রথম ১০ ওভারেই ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। টপ অর্ডারের ব্যর্থতার পর অধিনায়ক সূর্যকুমার যাদব (১৮) ও হার্দিক পান্ডিয়া (১৮) আশা জাগালেও তা দীর্ঘস্থায়ী হয়নি। একপ্রান্ত আগলে রেখে শিভম দুবে ৩৭ বলে ৪২ রান করে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ১১১ রানে অলআউট হয় ভারত।
ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার মূল কারিগর ছিলেন মার্কো ইয়ানসেন। মাত্র ২২ রান খরচায় তিনি তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেওয়া কেশব মহারাজ ২৪ রানে নেন ৩ উইকেট। ম্যাচ বিজয়ী ব্যাটিংয়ের জন্য ডেভিড মিলারকে ম্যাচসেরা ঘোষণা করা হয়।
সংক্ষিপ্ত স্কোর:
- দক্ষিণ আফ্রিকা: ১৮৭/৭ (২০ ওভার); মিলার ৬৫, ব্রেভিস ৪৫, স্টাবস ৪৪। বুমরাহ ৩/১৫।
- ভারত: ১১১/১০ (১৮.৫ ওভার); দুবে ৪২, হার্দিক ১৮, সূর্যকুমার ১৮। ইয়ানসেন ৪/২২, মহারাজ ৩/২৪।
- ফল: দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে জয়ী।
আপনার মতামত লিখুন :