যশোরে হৃদরোগ চিকিৎসার নতুন দিগন্ত: হার্ট ফাউন্ডেশনের জন্য জমি হস্তান্তর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬, ০৮:৪২
নিজস্ব প্রতিবেদক
যশোরসহ বৃহত্তর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হৃদরোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বড় এক মাইলফলক স্পর্শ করল ‘যশোর হার্ট ফাউন্ডেশন’। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে প্রতিষ্ঠানটির নামে জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জমি রেজিস্ট্রি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর সম্পন্ন হয়।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যশোর শহরতলীর মালঞ্চী এলাকায় এক একর পাঁচ শতক খাস জমি ফাউন্ডেশনের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির কাছে জমির দলিল ও কাগজপত্র বুঝিয়ে দেন। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হার্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর হার্ট ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এম রশিদ জানান, ঐতিহ্যবাহী এই জেলায় পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার কোনো স্থায়ী ব্যবস্থা নেই। ফলে জরুরি অবস্থায় রোগীদের ঢাকা বা অন্য বিভাগীয় শহরে নিতে গিয়ে পথেই অনেকের মৃত্যু হয়। এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে গত বছরের এপ্রিলে জমির জন্য আবেদন করা হয়েছিল। দ্রুততম সময়ে জমি প্রাপ্তি যশোরবাসীর জন্য বড় এক আনন্দের বার্তা নিয়ে এসেছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা জানান, মাত্র এক বছর আগে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি শহরের এমকে রোডে অস্থায়ী কার্যালয়ে যাত্রার শুরু হয়েছিল। এরপর অত্যন্ত অল্প সময়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অনুমোদন, গঠনতন্ত্র প্রণয়ন এবং সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন সম্পন্ন হয়েছে। জমি পাওয়ার মাধ্যমে এখন পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।
জমির দলিল হস্তান্তরের পর জেলা প্রশাসকের দপ্তরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার ও ডেপুটি কালেক্টর (রেভিনিউ) বাসুদেব কুমার মালো উপস্থিত ছিলেন। হার্ট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব শফিউল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের সভাপতি চিন্ময় সাহা, সদস্য রফিকুল ইসলাম আরজু, তবিবর রহমান, আতিয়ার রহমান, খান তাজ উদ্দিন, শ্রাবস্তী আহমেদ ও অধ্যক্ষ মাহাবুবুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :