যশোরকে রেল বঞ্চিত করার চক্রান্ত রুখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় সংগ্রাম কমিটি
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৩
নিজেস্ব প্রতিনিধি:
যশোরকে রেল সংযোগের বাইরে রাখার দীর্ঘদিনের ষড়যন্ত্র মোকাবিলা এবং ঢাকা-যশোর রুটে কাঙ্ক্ষিত রেলসেবা নিশ্চিত করার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে 'বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি'। আজ মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের হাতে এই স্মারকলিপি তুলে দেন কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ২০১৬ সালে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে গৃহীত ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’টির নাম ‘ঢাকা-যশোর’ হলেও বিগত সময়ে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে যশোর শহরকে এই সুবিধার বাইরে রাখার পরিকল্পনা করা হয়েছিল। প্রকল্পের নকশা অনুযায়ী, যশোরবাসীকে ট্রেন ধরার জন্য শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পদ্মবিলাই স্টেশনে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। ফ্যাসিবাদের পতনের পর সকল চক্রান্ত মোকাবিলা করে প্রকল্প উদ্বোধনের দিনে যশোরবাসী একটি ট্রেন পেলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য।
স্মারকলিপি প্রদানকালে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, আগামী ২৭ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী যশোর সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে যশোরবাসীর প্রত্যাশা অনেক। আমাদের প্রধান দাবি হলো—ভোরবেলা বেনাপোল থেকে যশোর-নড়াইল হয়ে ঢাকার উদ্দেশ্যে একটি আন্তঃনগর ট্রেন চালু করা, যাতে মানুষ দিনে গিয়ে দিনে কাজ সেরে ফিরতে পারে। এছাড়া দর্শনা-গেদে থেকে যশোর-নড়াইল-ঢাকা রুটে আরও দুটি আন্তঃনগর ট্রেন এবং সাধারণ যাত্রীদের সুবিধার্থে নড়াইল-যশোর-বেনাপোল বা দর্শনা রুটে অন্তত একটি লোকাল ট্রেন চালু করা এখন সময়ের দাবি।
নেতৃবৃন্দ আরও বলেন, বেনাপোল, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনা অঞ্চল থেকে প্রচুর যাত্রী ঢাকা যাতায়াত করেন। এখান থেকে কাঙ্ক্ষিত ট্রেন পরিচালনা করলে বাংলাদেশ রেলওয়ে আর্থিকভাবে বিপুল লাভবান হবে। এর পাশাপাশি দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং সুবিধাজনক কোনো স্টেশনে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) স্থাপন করা জরুরি। এছাড়া প্রতিটি আন্তঃনগর ট্রেনে সাধারণ যাত্রীদের জন্য সাধারণ বগি যুক্ত করার দাবিও জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, হাবিবুর রহমান মিলন, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদ হাসান ব্লু, অধ্যক্ষ শাহিন ইকবাল, সাঈদ আহমেদ নাসির মোক্তার, রিয়াদুর রহমান এবং অ্যাডভোকেট আবুল কায়েসসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী যশোরের সাধারণ মানুষের এই যৌক্তিক দাবিগুলো বিবেচনা করবেন এবং আসন্ন সফরে এ বিষয়ে ইতিবাচক ঘোষণা দেবেন।
আপনার মতামত লিখুন :