ইয়েমেনে মার্কিন বিলে ১৫৩ বেসামরিক নাগরিক নিহত, পেন্টাগনের চাঞ্চল্যকর রিপোর্ট
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০
আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত বছর চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে সংঘটিত এসব হামলায় আহত হয়েছেন আরও ২৪৩ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক গোপনীয় নথির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম 'দ্য হিল' এই তথ্য প্রকাশ করেছে।
মার্কিন আইনসভা কংগ্রেসে জমা দেওয়া পেন্টাগনের ১২ পৃষ্ঠার এক বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের এপ্রিল মাসে ইয়েমেনে পরিচালিত সামরিক অভিযানের সময় তিনটি পৃথক বিমান হামলায় এই বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হন।
পেন্টাগনের প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ৬ এপ্রিল দেশটির রাজধানী সানায় চালানো বিমান হামলায় পাঁচজন সাধারণ নাগরিক নিহত হন। এরপর ১৭ এপ্রিল গুরুত্বপূর্ণ রাস ইসা বন্দরে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়; যেখানে ৮০ জন নিহত হন। পরবর্তীতে ২৮ এপ্রিল সাদার কাছে পরিচালিত আরেকটি বিমান হামলায় আরও ৪৭ জনের মৃত্যু হয়।
প্রতিবেদনে জানানো হয়, এই তিনটি মূল ঘটনার বাইরে সামরিক অভিযানের আরও ১৫টি পৃথক ঘটনা বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে এসব হামলায় বেসামরিক হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :