• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিবর্তন যশোরের আয়োজনে মুগ্ধকর ‘নজরুল সন্ধ্যা’ অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
শরতের বৃষ্টিস্নাত সন্ধ্যায় গান, নাচ, আবৃত্তি ও নাটকের সুরেল মূর্ছনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করল সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন যশোর’।

‘আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নিজস্ব আঙিনায় এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

শরতের রোদ-বৃষ্টির লুকোচুরি পেরিয়ে দিনশেষে এক স্নিগ্ধ আবহে আয়োজিত এই সন্ধ্যায় ছিল দর্শক-শ্রোতাদের উপচে পড়া ভিড় ও বাঁধভাঙা উচ্ছ্বাস। ভালোবাসার কবি, দ্রোহের কবি ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা ও নাটকের চমৎকার পরিবেশনায় পুরো সন্ধ্যাটিই এক অন্যরকম মাত্রা পায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ঐতিহ্যবাহী সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, বিবর্তনের সভাপতি নওরোজ আলম খান চপল ও সাবেক সভাপতি মনিরুল ইসলামসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কলাকুশলীবৃন্দ।

আয়োজনে নজরুলের রচনা ও বিবর্তনের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনির নির্দেশনায় মঞ্চস্থ হয় জনপ্রিয় শিশুতোষ নাটক ‘পুতুলের বিয়ে’। পাশাপাশি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রচনায় ও একই পরিচালকের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটিকা ‘নাক কাটা রাজা’।

নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক মিলিয়ে সংগঠনটির শিল্পীদের পরিবেশনায় মোট ১২টি মনোমুগ্ধকর পর্ব উপস্থাপিত হয়। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন বিবর্তনের আবৃত্তি শিক্ষক লাবণ্য বিশ্বাস।