সাজাভোগ শেষে ভারতে আটক ৪৭ বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০
স্টাফ রিপোর্টার :
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ ও বিশেষ ক্যাম্পে অবস্থান শেষে ৪৭ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের হরিদাসপুর-পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
পেট্রাপোল-বেনাপোল শূন্যরেখায় আনুষ্ঠানিক হস্তান্তরের সময় ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ, ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার এবং বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি, ৪৯ বিজিবির আইসিপি কোম্পানি কমান্ডার, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দেশে ফেরত আসা ৪৭ বাংলাদেশি তামিলনাড়ুর আত্তুর-সালেম ও তিরুচিরাপল্লির (ট্রিচি) বিভিন্ন বিশেষ ক্যাম্প ও হোমে দীর্ঘদিন অবস্থান করছিলেন। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়ার পর স্থানীয় আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন তারা। সাজা শেষে তাদের বিশেষ ক্যাম্প ও হোমে রাখা হয়।
চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করা হয়। জাতীয়তা যাচাই শেষে দেশে ফেরার জন্য প্রত্যেকের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। গত ২৪ আগস্ট চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এ বিষয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি বার্তা দেওয়া হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ফেরত আসা ৪৭ বাংলাদেশির কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট পোর্ট থানায় পাঠানো হবে। পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরের প্রতিনিধিরা সহযোগিতা করবেন।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস জানান, জীবিকা ও ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে এসব বাংলাদেশি অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। সেখানে আটক হওয়ার পর আদালতের মাধ্যমে তাদের সাজা হয়। সাজা শেষে তাদের তামিলনাড়ুর বিভিন্ন বিশেষ ক্যাম্প ও হোমে রাখা হয়েছিল। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরানো হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ফেরত আসা নাগরিকদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা বেনাপোলে পৌঁছালে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে তারা শেল্টার হোমে নিরাপদ হেফাজতে থাকবেন।
ফেরত আসা ৪৭ বাংলাদেশির মধ্যে নড়াইল, কিশোরগঞ্জ, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, বরগুনা, গাইবান্ধা, নেত্রকোনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা, রংপুর, নারায়ণগঞ্জ, নীলফামারী, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, মাগুরা, মাদারীপুর ও চাঁদপুর জেলার নারী-পুরুষ রয়েছেন।
আপনার মতামত লিখুন :